গোদাগাড়ীতে সাবেক আইজিপির জানাজা, অংশ নিলেন আরডিএ চেয়ারম্যান
রাজশাহীর গোদাগাড়ীর কৃতী সন্তান, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাঁর জানাজায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মরহুম ড. এম. এনামুল হকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানাজায় অংশ নেওয়া মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তাঁরা।
ড. এম. এনামুল হক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একজন কৃতী সন্তান হিসেবে নিজ এলাকায় সুপরিচিত ছিলেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
তাঁর মৃত্যুতে গোদাগাড়ীতে শোকের আবহ তৈরি হয়েছে। জানাজায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের কর্মময় জীবনের কথা স্মরণ করে তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।