পেশাদার সাংবাদিকতা ও ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে রাজশাহীতে দৈনিক এদিনের দিনব্যাপী সম্মেলন
সংবাদপ্রবাহকে আরও গতিশীল, বস্তুনিষ্ঠ ও পাঠকবান্ধব করার পাশাপাশি মাঠপর্যায়ের প্রতিনিধিদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে দৈনিক এদিনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’। শনিবার রাজশাহী নগরীর উপশহর এলাকার একটি অভিজাত তিন তারকা হোটেলে দিনব্যাপী বর্ণাঢ্য এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিক প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি নিশ্চিত করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান এবং স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম। আলোচনার একপর্যায়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে দৈনিক এদিনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন উপলক্ষে কেক কাটেন প্রতিনিধিরা।
দৈনিক এদিনের রাজশাহী ব্যুরো প্রধান সবুজ ইসলামের সার্বিক সমন্বয়ে সম্মেলনে পত্রিকাটির শীর্ষ নীতিনির্ধারকদের মধ্যে অংশ নেন নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা, পরিকল্পনা সম্পাদক অচিন্ত্য চয়ন, অনুষ্ঠান প্রধান শাহীনুর আলম শাহীন, বিশেষ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু, মাল্টিমিডিয়া প্রধান নাইম ইসলাম এবং মাল্টিমিডিয়া রিপোর্টার বিপুল আহমেদ বিশাল।
সম্মেলনে বক্তারা সমসাময়িক সাংবাদিকতার বহুমুখী চ্যালেঞ্জ, ডিজিটাল রূপান্তর এবং তৃণমূলের প্রকৃত সংকট ও সম্ভাবনাকে দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। বিভাগের জেলা ও উপজেলা পর্যায় থেকে আগত সংবাদকর্মীরা তাঁদের পেশাগত অভিজ্ঞতার কথা তুলে ধরার পাশাপাশি আগামী দিনে পত্রিকাটির মান ও প্রচার এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।