রাজশাহী পুলিশ লাইন্সে কল্যাণসভা: পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির নির্দেশ আইজিপির
রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কল্যাণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল ১১টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন-নিবেদন মনোযোগসহকারে শোনেন এবং তাদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে দিকনির্দেশনা প্রদান করেন।
আইজিপি বলেন, পুলিশ সদস্যদের মনোবল দৃঢ় রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে বাহিনীর কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি; রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান; রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ রাজশাহী রেঞ্জ, আরএমপি ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা।