রাজশাহীর চারঘাটে ১৬ দিন ধরে নিখোঁজ বৃদ্ধা নাজিনা বেগম, সন্ধান চায় পরিবার
রাজশাহীর চারঘাটে নাজিনা বেগম (৬০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা গত ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো হদিস না মেলায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ নাজিনা বেগম চারঘাট উপজেলার চারঘাট সদর বাবুপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে।
স্বজনদের বরাতে জানা যায়, নাজিনা বেগম মানসিক ভারসাম্যহীন ও শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রায়ই নিজ বাড়ি থেকে চারঘাট বাজারে যাতায়াত করতেন। গত ১৬ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে তিনি প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হন। এরপর দিন পেরিয়ে রাত হলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি।
ঘটনার পর থেকে সম্ভাব্য সকল আত্মীয়স্বজনের বাড়ি ও বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েও তাঁর কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে নিরুপায় হয়ে পরিবারের পক্ষ থেকে চারঘাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়, যার নম্বর ৮৯৮ (তারিখ: ২১ আগস্ট ২০২৬)।
নিখোঁজ হওয়ার সময় নাজিনা বেগমের পরনে ছিল কালো রঙের বোরখা। তাঁর শারীরিক গঠন অনুযায়ী উচ্চতা আনুমানিক ৪ থেকে ৫ ফুট, গায়ের রং ফর্সা এবং মাথার চুল কাঁচাপাকা।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় ধরে তাঁর কোনো খোঁজ না পাওয়ায় তাঁরা অত্যন্ত ভেঙে পড়েছেন। কোনো সহৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত ০১৭৪৫-৫৭৫৮৭৪ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নাজিনা বেগমকে খুঁজে পেতে তথ্যটি ব্যাপকভাবে প্রচার করতে সবার সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার।